
নিউজ ডেস্কঃ সিট দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদুল্লাহ হলের আতাউর রহমান খান খাদিম ভবনে (পুরাতন এক্স-২) সিট দখল নিয়ে হল ছাত্রলীগের সভাপতি সাকিব হাসান ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদ শরাফত আলী ভবন (পুরাতন এক্স-১) থেকে সাধারণ সম্পাদক আরিফের সমর্থকদের আরেকটি গ্রুপ মাথায় হেলমেট পরে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাপাতি, রড, পাইপ ও হকস্টিকসহ সাকিব হাসানের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে আটজন আহত হন। তাদের কয়েকজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিশ্ববিদ্যালয়ের নেতারা হলে এলে পরিস্থিতি শান্ত হয়।
হামলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নকিব হাসান, রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল, রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ, গণিত দ্বিতীয় বর্ষের শরিফ, কিরন, ফার্মেসি দ্বিতীয় বর্ষের সুইট, পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের আশিক, প্রাণিবিদ্যা দ্বিতীয় বর্ষের মুহিত, উদ্ভিদবিজ্ঞান দ্বিতীয় বর্ষের কাব্য, ভূতত্ত্ব দ্বিতীয় বর্ষের সাইফুল, আলামিনসহ ৪০-৫০ জন অংশ নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হামলায় আহতরা হলেন গণিত চতুর্থ বর্ষের হুসাইন আহমেদ সোহান, দুর্যোগ ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের নাহিদ, মৎস্যবিজ্ঞান চতুর্থ বর্ষের নাঈম মাহমুদ, উদ্ভিদবিজ্ঞান তৃতীয় বর্ষের সাঈদ, ফলিত রসায়ন চতুর্থ বর্ষের তরিকুল ইসলাম, মৎস্যবিজ্ঞান চতুর্থ বর্ষের হাসান মাহমুদ বাবু। এর মধ্যে মুস্তাকিম, সোহান ও নাহিদ মাথায় ও কাঁধে আঘাত পেয়েছেন।