News71.com
 Bangladesh
 13 Jan 17, 08:21 PM
 280           
 0
 13 Jan 17, 08:21 PM

কাল ছাত্রলীগের গণমিছিল, যানজট এড়াতে ক্যাম্পাসে থাকার নির্দেশ  

কাল ছাত্রলীগের গণমিছিল, যানজট এড়াতে ক্যাম্পাসে থাকার নির্দেশ   

 

নিউজ ডেস্কঃ সরকারের তিন বছর পূর্তিতে শনিবার রাজধানীতে আনন্দ মিছিলের কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। গত ৪ জানুয়ারি রাজধানীতে সংগঠনটির গণমিছিলের কারণে ব্যাপক যানজটের ভোগান্তির কারণে এবারের মিছিল মূল সড়কে যাবে না বলে জানিয়েছেন নেতারা।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এক বিজ্ঞপ্তিতে তার সংগঠনের নেতা-কর্মীদেরকে এই মিছিলে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।

ছাত্রলীগের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচিটি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেলা ১১টার সময় এই মিছিলে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা। তবে এই কর্মসূচিতে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিএনপি-জামায়াত জোটের বর্জন এবং সহিংস কর্মসূচির মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ভোটের এক সপ্তাহ পর ওই মাসেরই ১২ তারিখ শপথ গ্রহণ করে বর্তমান মন্ত্রিসভা। সরকারের টানা দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি হয়েছে বৃহস্পতিবার।

বিরোধী জোটের বর্জনের মধ্য দিয়ে নির্বাচন করে বাংলাদেশে কোনো সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারেনি। ১৯৮৬ সালে বিএনপির বর্জনের পর নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ টিকেছিল দুই বছরের মতো। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করায় দুই বছর পর ১৯৮৮ সালে নির্বাচন দেন সে সময়ের রাষ্ট্রপতি এরশাদ। ওই নির্বাচন বিএনপির পাশাপাশি বর্জন করে আওয়ামী লীগও। পরে সেই সংসদও টেকে দুই বছরেরও কম সময়।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল বর্জন করে। ওই নির্বাচন জিতে ক্ষমতায় আসা বিএনপি ক্ষমতায় থাকে দুই সপ্তাহেরও কম সময়। তীব্র গণ আন্দোলনের মুখে ওই সরকার পদত্যাগ করে ১৩ দিনের ব্যবধানে। পরে একই বছরের ১২ জুনের নির্বাচনে জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় আসা আওয়ামী লীগকে বেশিদিন টিকতে দেয়া হবে না-এমন কথা আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসছিলেন বিএনপি নেতারা। সরকারের এক বছর পূর্তিতে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনও শুরু করেছিলেন তারা। কিন্তু খালি হাতে ফিরতে বাধ্য হওয়া বিএনপি এরপর থেকে আর কোনো কর্মসূচি দিচ্ছে না। আর রাষ্ট্রীয় ক্ষমতায় অবস্থান পোক্ত করা সরকার বলছে, মেয়াদের পাঁচ বছর পর নির্বাচন হবে ২০১৮ সালের শেষ দিকে।

আওয়ামী লীগের টানা আট বছর ক্ষমতায় থাকাকে ক্ষমতাসীন দলের পাশাপাশি তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগও দেখছে রাজনৈতিক বিজয় হিসেবেই। আর এই ‘বিজয়ের’ আনন্দ উদযাপনেই গণমিছিলেন এই কর্মসূচি দেয়া হয়েছে।

ছাত্রলীগের দুই শীর্ষ নেতার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশম জাতীয় সংসদে সফলতার তিন বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা হবে। যোগাযোগ করা হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন  বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলা, থানা ইউনিটকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ধরনের একটি মিছিলের কারণে রাজধানী জুড়ে দিনভর তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, গাড়ির নড়ার মতো অবস্থা ছিল না। এক পর্যায়ে যানবাহন ছেড়ে রাজধানীবাসীকে হেঁটে যাতায়াত করতে দেখা যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বয়ং এই কর্মসূচির সমালোচনা করে বলেছিলেন, যানজটের কথাটি মাথায় রেখে ছাত্রলীগের সেদিন সতর্ক থাকা উচিত ছিল।

শনিবারের কর্মসূচিকে ঘিরেও একই ধরনের ভোগান্তি হবে না বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক। ‘এই চিন্তা করেই র্যাথলিটা নিজ নিজ ক্যাম্পাসে করার সিদ্ধান্ত হয়েছে। রাস্তায় যেতে নিষেধ করা হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন