
জাবি প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ‘এ্যালামনাই ডে মিলনমেলা’ উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ্যালামনাই ডে মিলন মেলার উদ্বোধন করেন জাবি এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আজ শুক্রবার সকালে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এল্যামনাই এসোসিয়েশনের পতাকা উত্তোলনের মাধ্যমে এ্যালামনাই ডে মিলনমেলার কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ভিসি ফারজানা ইসলাম জাতীয় পতাকা ও প্রো-ভিসি আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং অধ্যাপক ড.শরীফ এনামুল কবির জাবি এ্যালামনাই এসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে জাবি এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির এ্যালামনাসদের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এ্যালামনাসগণ অবদান রাখবেন।
এ সময় উদ্বোধনী ভাষণে ভিসি এ্যালামনাই ডে মিলনমেলায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ্যালামনাই ডে মিলনমেলা আমাদের সবাইকে আলোড়িত ও আন্দোলিত করে। এই অনুষ্ঠান ঘিরে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সংস্কৃতি চর্চায় এ ধরনের অনুষ্ঠানের প্রভাব খুবই ইতিবাচক প্রভাব ফেলে’। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
শুক্রবার এ্যালামনাই ডে মিলনমেলার প্রধান আকর্ষণ ছিল বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে প্রাক্তন শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ । এছাড়াও সেলিম আল দীন মুক্তমঞ্চে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও স্মৃতিচারণ এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ।