
নিউজ ডেস্কঃ নাটোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফজলুর রহমান (২২) উপজেলার চাঁদপুর (পাবনাপাড়া) গ্রামের আবু তালেবের ছেলে ।
এ সময় তার কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন নাটোরের চাঁদপুর গ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র আস্তানা গড়ে তুলে সেখানে বিপুল পরিমাণ বোমা ও গোলাবারুদ মজুদ করা হয়েছে ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ওই গ্রামে অভিযান শুরু করে নাটোর ও বগুড়া জেলা পুলিশের যৌথ দল। তারা জানান, রাত সাড়ে ১১টার সময় জেএমবি’র সদস্য ফজলুর রহমানের বাড়িতে জেমবি’র আস্তানার সন্ধান পান তারা। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে এসব অস্ত্র, ম্যাগজিন, গুলি, ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।
অভিযানে ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। দুই পুলিশ সুপার আরও জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আটককে জিজ্ঞাসাবাদসহ তাকে নিয়ে অভিযান অব্যাহত আছে ।