
আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময়সূচি এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কবে নাগাদ এ সূচি নির্ধারণ হবে এমন প্রশ্নে তিনি ভারত সফরকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উল্লেখ করে বলেছেন, ধীরে রজনী ধীরে। আজ শনিবার দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে আগামী সোমবার ৫ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। এ সম্পর্কে জানাতেই সংবাদ সম্মেলনটি ডাকা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইজারল্যান্ডের দাভোসে এবারের সম্মেলনে প্রায় ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। চলতি বছরের এই প্রথম বিদেশ সফর শেষে ২১শে জানুয়ারি প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন ।
আবুল হাসান মাহমুদ আলী জানান, অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী পানি, অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তথ্যপ্রযুক্তি এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন সেশনে অংশ নেবেন। এবারের সভায় ৪ বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক যোগাযোগ আরও শক্তিশালীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা, পুঁজি সংস্কার ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি। এসব বিষয়ে অনুষ্ঠিত হবে প্রায় ৩০০ সেশন ।