
নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগিতার জন্য বাংলাদেশ সফরে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যানেটেরিয়ান অ্যাসিস্টেন্সের (সিএফই) একটি দল।
গতকাল সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এ বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতাকে শক্তিশালী করা এ সফরের লক্ষ্য। সিএফই দলটি দুর্যোগ প্রস্তুতিমূলক ও সামরিক-বেসামরিক সহযোগিতা বিষয়ে সরকার, সেনাবাহিনী, বাংলাদেশের সরকারি-বেসরকারি দুর্যোগ ব্যবস্থাপনা অংশীদারদের সঙ্গে বিভিন্ন কৌশল ও সাফল্যগাঁথা নিয়ে কাজ করবে।
সিএফই দলটির এ সফর নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য’ অ্যাফেয়ার্স ডেভিড মিলি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় কিভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে আমরা সঙ্কটের মুহূর্তে সাড়া দেওয়া এবং জনগণকে রক্ষা করার বিষয়ে আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে পারি। এই অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে’।