
জাবি প্রতিনিধি: রবীন্দ্রত্তোরকালের শ্রেষ্ঠ নাট্যকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের নবম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার জাবিতে স্মরণ করা হয় এই নাট্যপুরোধাকে। এবারের স্মরণোৎসব উৎসর্গ করা হয় নাট্যাচার্য সেলিম আল দীনের সদ্য প্রয়াত সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা পারুলের স্মৃতির উদ্দেশ্যে। শনিবার সকাল দশটায় স্মরণ শোভাযাত্রা উদ্বোধনের মাধ্যমে মহাপ্রয়াণ দিবস শুরু হয়।
স্মরণ শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। শোভাযাত্রাটি পুরাতন কলাভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের পাশে অবস্থিত সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। স্মরণ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শহিদুজ্জামান সেলিম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীগণ। সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন জাবি ভিসি ফারজানা ইসলাম, জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, আরশিনগর থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, রঙ্গন মাইম একাডেমি, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, জাহাঙ্গীরনগর থিয়েটারসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন। আচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সকাল এগারটায় মৃৎ মঞ্চে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সর্দার বাড়ির খেলা (লাঠি খেলা), বেলা সাড়ে বারটায় “নাটকের ভাষার সংক্রান্তি এবং সেলিম আল দীন” শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বেলা আড়াইটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে “অ্যাক্রোবেটিক প্রদর্শনী”। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের আয়োজনে মঞ্চস্থ হয় নাটক নিও রোমিও এন্ড জুলিয়েট।