
নিউজ ডেস্কঃ জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা যেই করুক তাকে গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার রাজধানীর ধানমণ্ডি কলাবাগান খেলার মাঠ ও মতিঝিল সেন্ট্রাল বয়েজ স্কুল মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন । আছাদুজ্জামান মিয়া বলেন, যদি আপনাদের চারপাশে অপরাধের সাথে কেউ জড়িত থাকে তাহলে তাদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিরাপদ ও সুন্দর ঢাকা গড়তে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সন্ত্রাস, জঙ্গি, চোরাচালানি, মাদক ব্যবসায়ীসহ অপরাধীরা আমাদের শত্রু। পুলিশ আপনাদের বন্ধু। আমরা আপনাদের পাশে আছি, থাকবো ।
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ১০০ দিনের মধ্যে আমরা জঙ্গিদের চিহ্নিত করে ২৭ জঙ্গিকে নিশ্চিন্ন করেছি। জঙ্গি নেটওয়ার্ক আমরা ছিন্ন-বিছিন্ন করে দিয়েছি। আপনাদেরকে আমরা নিশ্চিত করে বলতে চাই, এদেশের মাটিতে জঙ্গিবাদের কোন আশ্রয় হবে না। যে কোন মূল্যে তাদের মূল শিকড় উৎখাত করা হবে। কেউ যদি জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করে তাকে কঠোর হাতে দমন করা হবে ।
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা শহরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অজ্ঞানপার্টি, মলমপার্টি, টেন্ডারবাজি, চাঁদাবাজি-এসব অপরাধ প্রায় শূন্যের কোটায় নেমে গেছে। আমরা অত্যন্ত কঠোরভাবে এসব অপরাধ দমন করতে পেরেছি বলে অপরাধগুলো শূন্যের কোটায় নেমে এসেছে। কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকের মাধ্যমে অপরাধ নির্মূলে স্থানীয় জনগণ আমাদের সহযোগিতা করছে। ঢাকা মহানগরীর সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে টিম করে কাজ করছি বিধায় আমাদের এ সাফল্য এসেছে। অতীতের যে কোন সময়ের থেকে অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। এ কৃতিত্বের দাবিদার পুলিশ একা নয়। এ কৃতিত্বের দাবিদার সমাজের সবাই।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার দিদার আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার জামিল আহমেদসহ ডিএমপিরি ঊধ্বর্তন কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও মতিঝিল বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মাঝে মোট ২৯০০ কম্বল বিতরণ করা হয় ।