
নিউজ ডেস্কঃ "আমরা জাহাজ রপ্তানি করি। পোশাক রপ্তানি করি। চাল রপ্তানি করি। আর পাকিস্তান জঙ্গি রপ্তানি করে। যারা পাকিস্তান সৃষ্টি করতে চায়। তাদের কাছে আমরা ফিরে যেতে পারি না। তাহলে আমাদের ৩০ লাখ শহীদের কাছে আমরা কী জবাব দেব। যারা এ কাজটি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে আজ উন্নয়ন হচ্ছে । "
মাদারীপুরের কালকিনির ভুরঘাটা নামক স্থানে আজ শনিবার দুপুরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী পথসভায় এসব কথা বলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী বলেন, "জঙ্গিরা যখন মানুষ হত্যার পরিকল্পনা করছিল। পুলিশ গিয়ে যখন তাদের প্রতিহত করল। যারা অস্ত্র নিয়ে ধরা পড়ল, যারা স্বীকার করল- সেইসব জঙ্গি সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করলেন খালেদা জিয়া। আমি শুধু বলতে চাই আমরা যারা মুসলমান আমাদের বিভ্রান্ত করছে জামায়াতে ইসলামী ।
ধর্মের নামে নানাভাবে বিভ্রান্ত করছে তারা । "পথসভায় আরো বক্তব্য দেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার প্রমুখ ।