News71.com
 Bangladesh
 15 Jan 17, 07:04 PM
 239           
 0
 15 Jan 17, 07:04 PM

তারেক জিয়ার গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন ১৮ এপ্রিল

তারেক জিয়ার গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন ১৮ এপ্রিল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে এ মামলার গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।

তারেকের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ মামলায় ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম এ মামলায় জামিনে রয়েছেন।

মেজবাহ আরো জানান, এ মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা গেল কি না, সে সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন রাখা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট যুক্তরাজ্যের লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান আওয়ামী লীগ নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি একই বছরের ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন । এ ছাড়া একই বছরের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি।’

এসব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে আকেটি সিআর মামলা করেন। পরবর্তী সময়ে বিচারক মামলাটি আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মির্জা ফখরুল ইসলাম পরবর্তী সময়ে জামিন নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন