News71.com
 Bangladesh
 15 Jan 17, 07:16 PM
 277           
 0
 15 Jan 17, 07:16 PM

সমাজে মাদকের ভয়াবহতা নিয়ে সংসদীয় প্রতিশ্রুতি কমিটির উদ্বেগ প্রকাশ ।।

সমাজে মাদকের ভয়াবহতা নিয়ে সংসদীয় প্রতিশ্রুতি কমিটির উদ্বেগ প্রকাশ ।।

 

নিউজ ডেস্কঃ সমাজে মাদকের ভয়াবহতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি ও যুবসমাজ মাদকে নিমজ্জিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ভয়াবহ এই ব্যাধি থেকে সমাজকে রক্ষায় র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে । আজ রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাজী কেরামত আলী। বৈঠকে কমিটির সদস্য হুইপ মো. শহীদুজ্জামান সরকার, আব্দুল মজিদ খান ও মীর মোস্তাক আহম্মেদ রবি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, সংসদের ফ্লোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে আলোচনাকালে মাদকের ভয়াবহতার বিষয়টি উঠে আসে ।

এ সময় মাদক প্রতিরোধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ কমিটিকে সন্তুষ্ট করতে পারেনি। বরং বিভিন্ন সময়ে মাদক চোরাচালানের সঙ্গে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সরকারের কোন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।

বৈঠকে জানানো হয়, ৯ম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে মোট ৯১টি প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ৪০টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। আর ১৩টি প্রতিশ্রুতি আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকী ২৮টি বাস্তবায়নাধীন রয়েছে। আরো জানানো হয়, দশম জাতীয় সংসদে সর্বশেষ সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে ৪৮৫টি প্রতিশ্রুতির মধ্যে ৪১টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। আর ৪১টি আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকী ৫৮টি প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন ও ৩৪০টি প্রক্রিয়াধীন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন