
নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আমাদের রাষ্ট্রপতির রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। জাতির সন্ধিক্ষণে কিছু কিছু ব্যক্তির ভূমিকা সংবিধানে লেখা না থাকলেও তারা সেই ভূমিকা পালন করে থাকেন। রাষ্ট্রপতিও সেই ভূমিকা পালন করবেন সেটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন ।
আজ রবিবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি (ইসি গঠনে সংলাপ) একটি রাজনৈতিক বিষয়। সংবিধানে রাষ্ট্রপতিকে দুটি ক্ষমতা দেয়া আছে। বাকি সব প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। এক্ষেত্রে সকল রাজনৈতিক দল আশা করছে রাষ্ট্রপতি ইসি গঠনে পদক্ষেপ নেবেন। সে ব্যাপারে সংবিধানে লেখা না থাকলেও সমস্ত দলই যেহেতু মেনে নিয়েছেন, সেজন্য ধরে নিতে হবে এটি একটি রাজনৈতিক সমঝোতা ।
অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতি কোন জাতির ঐক্যের প্রতীক। আমাদের রাষ্ট্রপতি ভীষণভাবে রাজনৈতিক অভিজ্ঞতাসমৃদ্ধ। সমস্ত আন্দোলন, গণতন্ত্র পুন:স্থাপনের আন্দোলনে নেতৃত্বদান, ৮ বার এমপি এবং স্পীকারও ছিলেন তিনি। জাতির সন্ধিক্ষণে কিছু কিছু ব্যক্তির ভূমিকা সংবিধানে লেখা না থাকলেও সেই ভূমিকা পালন করতে পারেন। এমন ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতিও সেই ভূমিকাই পালন করবেন বলে আমরা সবাই প্রত্যাশা করি ।