
নিউজ ডেস্কঃ টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে হরহামেশাই প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। শুধু তাই নয়, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য উল্লেখ থাকার পরও দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানভেদে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি হতে দেখা যায়। এভাবে নানাভাবে রোজ প্রতারিত হচ্ছে দেশের ভোক্তারা। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রতারণার বিষয়টি বুঝতে পেরেও ঝামেলার কথা চিন্তা করে ভোক্তারা কারো কাছে কিছু অভিযোগ করে না। অনেক ভোক্তা তো জানেই না যে এসব নিয়ে কোথাও অভিযোগ করা যায়। আর এর ফলে পার পেয়ে যায় অসাধু ব্যবসায়ীরা।
অবশ্য কিছু ক্ষেত্রে অনেক ভোক্তা অভিযোগ দায়ের করতে চাইলেও কোথায় অভিযোগ করবে তা জানে না।
এসব সমস্যা বা প্রতারণা থেকে ভোক্তাদের বাঁচাতে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতারণার শিকার ভোক্তাদের আইনি সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারের ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৬ সালে অধিদপ্তরের এক হাজার ৬২২টি অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ১০৫টি অভিযোগ ছাড়া বাকি সবই নিষ্পত্তি করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগগ্রহণকারী শেখ মোহাম্মদ রাসেল জানান, চলতি বছরের জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই জমা পড়েছে ২০০টি অভিযোগ। প্রায় প্রতিদিনই ৫০-৬০টি অভিযোগ জমা পড়ছে।