News71.com
 Bangladesh
 16 Jan 17, 03:09 PM
 248           
 0
 16 Jan 17, 03:09 PM

ডব্লিউইএফ বার্ষিক সভায় অংশ নিতে ৫ দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ।।

ডব্লিউইএফ বার্ষিক সভায় অংশ নিতে ৫ দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ।।

 

নিউজ ডেস্কঃ দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে ৫ দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে (ইওয়াই-০৭৩) আজ সোমবার (১৬ই জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ৬ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৬ মিনিট) জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি । বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি শামীম আহসানসহ সুইজারল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেখ হাসিনাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাও। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় তার সফরকালীন আবাসস্থল সিলব্রেট্টা পার্ক হোটেলে। এখান থেকেই ৫ দিনব্যাপী সফরের কর্মসূচিগুলোতে অংশ নেবেন তিনি ।

এর আগে, গতকাল রোববার (১৫ই জানুয়ারি) রাত ১০টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-২৫৩ ফ্লাইটে জুরিখের উদ্দেশে রওয়ানা হন তিনি। এ ফ্লাইটটি আবুধাবিতে অবতরণের পর সেখানে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী জুরিখের উদ্দেশে একই এয়ারলাইন্সের ইওয়াই-০৭৩ ফ্লাইটে যাত্রা করেন ।

আজ সোমবার সুইজারল্যান্ডে পৌঁছালেও প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১৭ই জানুয়ারি) থেকে। এদিন সকাল ৯টা ২০ মিনিটে তিনি কংগ্রেস সেন্টারে যাবেন। সেখানে তার সঙ্গে ডব্লিউইএফ’র নির্বাহী চেয়ারম্যান ক্লস স্কভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা। সোয়া ১১টার দিকে ডব্লিউইএফ’র উদ্বোধনী প্লেনারিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২টার দিকে তিনি অংশ নেবেন ‘শ্যাপিং এ নিউ ওয়াটার ইকোনমি’ শীর্ষক কর্মশালায়। সোয়া ৩টার পর প্রধানমন্ত্রী ফিরে যাবেন তার আবাসস্থল সিলব্রেট্টা পার্ক হোটেলে। বিকেলে সোয়া ৫টার দিকে তিনি আবারও কংগ্রেস সেন্টারে আসবেন। এখানে সাড়ে ৫টার দিকে তিনি ‘হ্যার্নেসিং রিজিওনাল কোঅপারেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক মতবিনিময় পর্বে অংশ নেবেন। পৌনে ৭টার দিকে প্রধানমন্ত্রী ফিরে যাবেন আবাসস্থলে ।

আগামী বুধবার (১৮ই জানুয়ারি) সকাল ১০টার কিছু পর আবাসস্থল থেকে প্রধানমন্ত্রী কংগ্রেস সেন্টারে আসবেন। এখানে সাড়ে ১০টার দিকে তিনি অংশ নেবেন ‘ওয়ার্ল্ড আন্ডারওয়াটার’ শীর্ষক আলোচনায়। এ দিন বিকেল ৬টায় শেখ হাসিনা কংগ্রেস সেন্টারেই অংশ নেবেন ‘লিডিং দ্য ফ্লাইট অ্যাগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্লেনারি সেশনে। আগামী বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী যাবেন শেরাটন হোটেল ওল্ডহাসে। সেখানে তিনি অংশ নেবেন ‘ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জবস’ শীর্ষক গভর্নরস পর্বে। রাতে শেখ হাসিনা কংগ্রেস সেন্টারে গিয়ে অংশ নেবেন ‘গ্লোবাল গোলস: দ্য রোড টু ২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে। সেদিন এখানে অতিথিদের জন্য আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী ।

শুক্রবার (২০ই জানুয়ারি) স্থানীয় সময় ১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটে সুইজারল্যান্ড ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন। স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে দুবাই আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে যাত্রাবিরতির পর ২১শে জানুয়ারি ভোর ৪টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় সোয়া ১০টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন