
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পারিবারিক বিরোধ নিয়ে একটি সালিশি বৈঠকে প্রতিপক্ষের ভাড়াটে লোকজনের সন্ত্রাসী হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ৬জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আজ সোমবার সন্ধ্যায় পৌর শহরের ৮নং ওয়ার্ডের আইডিয়াল স্কুলের পাশে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের বসতঘরে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
সিরাজুল ইসলাম জানান, রামগঞ্জ উপজেলার রেহানা আক্তার ও রেহানার স্বামী রায়পুর উপজেলার জামালের সঙ্গে পারিবারিক বিরোধ মেটাতে সন্ধ্যায় তার ঘরে দুই পরিবারকে নিয়ে সালিশি বৈঠক বসেন। সালিশি সিদ্ধান্তের আগেই জামাল বয়াতিবাড়ির ভাড়াটে সন্ত্রাসী ইউসুফসহ ১০-১৫ জন লোক তাদের উপর হামলা চালায়। এতে সিরাজ,তার স্ত্রী ও মেয়েসহ ৬জন আহত হন। তবে অভিযুক্ত ইউসুফ ঘটনাটি সত্য নয় বলে মন্তব্য করেন ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও উভয় পক্ষকে থানার আসার জন্য বলা হয়েছে ।’