
নিউজ ডেস্কঃ সরকার আগামী বুধবার এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই)-এর আরো উন্নয়নে এই ঋণের এই অর্থ ব্যবহূত হবে ।
রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি এবং ইআরডি সচিব কাজী শফিকুল আজম এই চুক্তিতে স্বাক্ষর করবেন। ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। চুক্তি অনুযায়ী দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্প (এসএমইডিপি-২) এর বিভিন্ন উদ্যোগে অর্থায়নের জন্য এডিবি ২০ কোটি মার্কিন ডলার প্রদান করবে। এডিবি বলেছে, ‘দুই অংকের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এসএমই খাত উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ।’
উন্নয়ন অংশীদার বলেছে, এর প্রেক্ষাপটে এই প্রকল্পের লক্ষ্য হলো এসএমই খাত উন্নয়ন ত্বরান্বিত করা। বিশেষ করে পল্লী এলাকা ও নন-আরবান এলাকায় মাঝারি ও দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা উন্নয়ন করে এসএমই খাত উন্নয়ন করা ।