
নিউজ ডেস্কঃ নিহত শ্রমিকের ক্ষতিপূরণের আশ্বাসে তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর নির্মাণকাজ আজ সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে। গত ১১ জানুয়ারি নির্মাণকাজ করার সময় সেতুর ৫ নম্বর স্পেন থেকে নিচে পড়ে রিমেল নামের এক শ্রমিক নিহত হন। এ ঘটনার পর নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও তা নিয়ে টালবাহানা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এরকন-এফকন জয়েন্টভেঞ্চার। এর প্রতিবাদে গত ১২ জানুয়ারি শুক্রবার সকাল থেকে গতকাল রোববার পর্যন্ত কাজ বন্ধ রাখেন শ্রমিকরা।
রেলশ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল কনস্ট্রাকশনের আশুগঞ্জের ইনচার্জ তাপস জানান, গতকাল রোববার সন্ধ্যায় কয়েক দফা আলোচনা শেষে নিহত শ্রমিক রিমেলের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে তারা কাজে ফিরেছেন।
এ ব্যাপারে নিহত রিমেলের ভাই রিপন জানান, ‘শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল কনস্ট্রাকশনের আশুগঞ্জের ইনচার্জ তাপস ফোনে আমাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন বলে জানিয়েছেন।’ এ সময় তিনি বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমার ভাই মারা গেছেন। একজন মানুষের জীবনের দাম তিন লাখ টাকা। আমি এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’এ ব্যাপারে সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এফকন জয়েন্টভেঞ্চারের প্রকল্প ব্যবস্থাপক অমিয়াংশু দাসের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।