News71.com
 Bangladesh
 16 Jan 17, 08:04 PM
 243           
 0
 16 Jan 17, 08:04 PM

বাড়ি থেকে ডেকে নিয়ে ‘আদিবাসীকে’ খুন

বাড়ি থেকে ডেকে নিয়ে ‘আদিবাসীকে’ খুন

নিউজ ডেস্ক : নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। এ অভিযোগে পুলিশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরো পাঁচ সদস্যকে আটক করেছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের একটি সরিষাক্ষেত থেকে কৃষক কারমা তিঘ্যার (৫৫) লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আটককৃতরা হলেন লক্ষ্মীকোলা গ্রামের অধির পাহান, পরিমল পাহান, শিরীষ পাহান, অনিল পাহান ও  কালিচরণ পাহান। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, গতকাল সন্ধ্যার দিকে পাঁচ থেকে ছয়জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোক একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে কারমা তিঘ্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে রাত ১২টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সরিষাক্ষেতের মধ্যে কারমার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে কারমা তিঘ্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁরা। পরে তাঁরা সবাই মিলে মদ্যপান করে। এরপর তাঁরা বাঁশ দিয়ে পিটিয়ে কারমা তিঘ্যাকে হত্যা করে সরিষাক্ষেতের মধ্যে ফেলে রেখে যান। এ ঘটনায় নিহত কারমার ছেলে বিকাশ তিঘ্যা বাদী হয়ে বদলগাছী থানায় একটি হত্যা মামলা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন