
নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় পঞ্চম দফায় রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার বঙ্গভবনে বৈঠক করেছেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফ্রন্টের সঙ্গে এই বৈঠক হয় । পৃথক এসব বৈঠকে রাষ্ট্রপতি বলেছেন, গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা অপরিহার্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকেও সমঝোতার উদ্যোগ নিতে হবে। ৩টি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ।
রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ন্যাপের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন- রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সকলের লক্ষ্য ও উদ্দেশ্য এক, আর তা হল-জনকল্যাণ। তাই রাজনৈতিক দলগুলোকেও সমঝোতার উদ্যোগ নিতে হবে ।
বাংলাদেশ খেলাফত মজলিশের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিমন গঠনে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব দিয়েছে। তিনি আশা করেন, দলগুলোর মতামত ও প্রস্তাব শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। এসময় রাষ্ট্রপতি বলেন, বিতর্কহীন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের চেষ্টা থাকাও বাঞ্চনীয়। আর গণফ্রন্টের সঙ্গে বৈঠকে আবদুল হামিদ বলেন, অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে ।