
নিউজ ডেস্কঃ খুলনা জেলার পাইকগাছা সদর উপজেলার ইউপি নির্বাচনের ফলাফল ঘোষনার পরপরই বিভিন্ন স্থানে হামলা অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে চাঁদখালী ইউপির পরাজিত আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ, হরিঢালীতে বিজয়ী ও পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে এবং গদাইপুর ও সোলাদানার বিভিন্নস্থানে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এদিকে সোলাদানা ইউপির দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে বুধবার পরাজিত প্রার্থী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন। গত ২২শে মার্চ মঙ্গলবার ইউপি নির্বাচনের ফলাফল ঘোষনার পর রাতে উপজেলার চাঁদখালী ইউপির পরাজিত আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বাড়িতে একদল দুর্বৃত্ত ইট পাটকেল নিক্ষেপ করে চাঁদখালী বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ করে। এ সময় আগুনে দলীয় কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায় এবং জাতির জনক ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিও পুড়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় বুধবার সকালে স্থানীয় চাঁদখালী বাজারে সংগঠনের ইউনিয়ন আহবায়ক ও পরাজিত দলীয় ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, বিএনপি দলীয় বিজয়ী প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানান ।
এছাড়া গদাইপুর ইউপির হিতামপুর গ্রামের পরাজিত সদস্য প্রার্থী সুবোল বিশ্বাস একই এলাকার সুশান্ত বিশ্বাসের বাড়ী ঘর ভাংচুর করে তার স্ত্রীকে মারপিট করায় থানায় অভিযোগ উঠেছে ।হিতামপুর গ্রামের সুশান্ত বিশ্বাস সদস্য প্রার্থী সুবোল বিশ্বাসের পক্ষে নির্বাচনে কাজ না করায় এবং সুবোল পরাজিত হওয়ায় ফলাফল ঘোষনার পরপরই রাত প্রায় ৯ টার দিকে সুবোল এর নেতৃত্বে ৮/৯ জন সুশান্তর বাড়িতে হামলা করে। এ সময় সুশান্ত বিশ্বাসের স্ত্রী রূপালী বাঁধা দিলে তাকে মারপিট করে আহত করে। এ ঘটনায় সুশান্ত বাদী হয়ে সুবোল বিশ্বাস, অসীম বিশ্বাস, রবীন বিশ্বাসসহ ৮ জনের নাম উল্লেখ করে গত বুধবার থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে, সোলাদানা ইউনিয়নের আমুর কাটা ও দীঘা কেন্দ্রে মারামারি, ব্যালট ছিনতাই, ভোটকেন্দ্র দখল এর অভিযোগ এনে ফলাফল স্থগিত ও পুনরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে পরাজিত আওয়ামীলীগ প্রার্থী আঃ মান্নান গাজী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন ।