
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর নেতৃত্বে পরাজিত প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ওপর হামলায় পাঁচজন আহত হয়েছেন। এসময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মাগুরা ইউনিয়নের মাদরা সার্বজনীন কালিমন্দির সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিরন্ময় মণ্ডল, স্থানীয় সুশীল মণ্ডল, পবিত্র গাইন, গীতা রানী ও রেজাউল ইসলাম। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে হিরন্ময় মণ্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসি জানায়, গত বুধবার বিকেলে মাদরা কালি মন্দিরে পূজা চলছিল। পূজা অনুষ্ঠানে এসে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখেন। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ করলে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নির্দেশে বিজয়ী প্রার্থী গণেশ দেবনাথ এবং তার কর্মী-সমর্থকরা পরাজিত প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পরাজিত প্রার্থী হিরন্ময় মণ্ডলসহ পাঁচজন আহত হন।
এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে আটক করে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তালা উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।