
নিউজ ডেস্কঃ ভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আজ মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষ্যে করদাতা উদ্বুদ্ধকরণ’ বিষয়ক এক সেমিনারে তিনি এ দাবি জানান ।
ঢাকা উত্তর কর কমিশনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সেমিনারে জানানো হয়, আগামী ১ই জুলাই থেকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়ন শুরু হবে। অর্থাৎ ওই দিন থেকে গ্রাহক পর্য়ায়ে অনলাইনে ভ্যাট আদায় করা হবে ।
মাতলুব আহমাদ বলেন, “ব্যবসায়ীরা ভ্যাট অনলাইন চায়। আমরা ফেডারেশন থেকেও চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রশিদে যখন আমরা ১৫ শতাংশ ভ্যাট নেব আল্টিমেটলি এটা অনেক বেশি হয়ে যাবে ।
”এনবিআর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি আগেও বলেছি এখন আবারও বিনয়ের সঙ্গে বলছি ভ্যাট ১৫ থেকে ৭ শতাংশে নিয়ে আসতে হবে। তার দাবি, যখনই ভ্যাট ১৫ থেকে ৭ শতাংশে নিয়ে আসবে তখন ভ্যাট না দেওয়ার যে প্রবণতা, তা থেকে মানুষ বেরিয়ে আসবে। ”সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান ও এনবিআরের সদস্যরা ।