News71.com
 Bangladesh
 17 Jan 17, 07:34 PM
 230           
 0
 17 Jan 17, 07:34 PM

মৃত্যুবার্ষিকীতে মহানায়িকা সুচিত্রা সেনকে স্মরণ

মৃত্যুবার্ষিকীতে মহানায়িকা সুচিত্রা সেনকে স্মরণ

নিউজ ডেস্কঃ পাবনায় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের তৃতীয় প্রয়াণ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনা গার্লস হাইস্কুল চত্বরে মহানায়িকার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সুচিত্রা সেনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা দেওয়া হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, আড়াই বছর হলো সুচিত্রা সেনের পৈতৃক নিবাসটি জেলা প্রশাসন উদ্ধার করার পর আজও সেখানে কোনো কিছু করা হয়নি। ঐতিহ্যের অংশ হিসেবে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি দ্রুত সংস্কার করে তাঁর নামে আর্কাইভ বা সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণাগার তৈরির দাবি জানান বক্তারা। সভায় সভাপতিত্ব করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান, এডওয়ার্ড কলেজের শিক্ষক ড. এ কে এম শওকত আলী খান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান আখতার।

এদিকে, বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ। সংসদের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক আখতার জামান, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, রেজাউল করিম মনি, গোলাম রব্বানী বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন