
নিউজ ডেস্কঃ গাজীপুর ও নাটোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আজ মঙ্গলবার সকালে এসব সড়ক দুর্ঘটনায় আহতদের মেডিকেলে ভর্তি করা হয়েছে। গাজীপুর শ্রীপুরের জৈনা বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। এখনো হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে জৈনা বাজার এলাকায় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া এলাকায় ট্রাকচাপায় শাহাদৎ হোসেন নামে এক ভ্যানচালক মানা যান।
এদিকে, একই উপজেলার মানিকপুর এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত হয় অন্তত সাতজন। এর আগে মধ্য রাতে একই উপজেলার আহম্মদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।