
নিউজ ডেস্কঃঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৪১টি ব্যক্তিগত মালিকানাধীন ভবন ও ১২টি মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য-উপাত্ত তুলে ধরেন মেয়র। এর আগে ২০১৩ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন ১৬টি মার্কেটের অবকাঠামোগত অবস্থা জানতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বুয়েটের প্রতিবেদনে উঠে আসে, ১৬টির মধ্যে ১২টি মার্কেটের অবস্থা খুবই নাজুক।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘ব্যবসায়ীদের সরিয়ে এই মার্কেটগুলো পুনর্নির্মাণ ছাড়া আর কোনো বিক্ল্প নেই। ওনাদের সঙ্গে পাঁচ-সাত বছর ধরে কথা বলছি। এর চেয়ে আর কী উদ্যোগ নেব। মারামারি করব? ছেড়ে দিতে বলছি, আর কী করার আছে।’ ঝুঁকিপূর্ণ জেনেও কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপনার উত্তর হলো, আমি জানি না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। এটা কোনো সংক্ষিপ্ত সমাধান নয়। একটা মার্কেট করতে গেলে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে। তাঁরা কোথায় যাবেন, এটা একটা বড় সমস্যা।’
এ সময় রাজধানীর গুলশান-১ নম্বরে ডিসিসি মার্কেটে আগুন ও ধসের দায় সিটি করপোরেশনের ওপর চাপাতে চাইছেন বলে মন্তব্য করেন আনিসুল হক। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। জীবিকার প্রশ্নে, ঝুঁকিপূর্ণ জেনেও বিকল্প ব্যবস্থা ছাড়া মার্কেট ছাড়তে নারাজ বলে জানান তাঁরা।
ব্যবসায়ী নেতারা বলেন, এই ব্যবসা ছাড়া তাঁদের বিকল্প কোনো রাস্তা নেই। তাই তাদের জন্য অস্থায়ীভাবে বিকল্প কোনো পথ বের করা হোক। তাহলে মার্কেট ভাঙতে দিতে তাঁদের কোনো অসুবিধা নেই। কিন্তু রাজধানীতে জায়গার সমস্যা থাকায় মার্কেটগুলোর আশপাশে বিকল্প ব্যবস্থা করা বেশ কঠিন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।