News71.com
 Bangladesh
 18 Jan 17, 06:55 PM
 284           
 0
 18 Jan 17, 06:55 PM

জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামানের বাড়ির তত্ত্বাবধায়ককে পিটিয়ে হত্যা

জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামানের বাড়ির তত্ত্বাবধায়ককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকারের বাড়ির তত্ত্বাবধায়ক মো. মোকসেদ আলীকে (৬০) পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার বীরগ্রাম বড় মোল্লাপাড়ায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ হুইপের প্রতিবেশী হাফিজাকে (৩৪) গ্রেপ্তার করেছে। কিন্তু ঘটনার পর থেকেই হাফিজার স্বামী নুরুজ্জামান (৪০) পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টায় বীরগ্রাম বড় মোল্লাপাড়ার মৃত মফেজ আলীর ছেলে মোকসেদ আলী বাড়ির সামনের রাস্তায় বের হলে প্রতিবেশী নুরুজ্জামানের বাড়িতে রাস্তার পানিনিষ্কাশনের জন্য বড় পাইপ নল রাখার প্রতিবাদ করেন। এ সময় নুরুজ্জামান ও তাঁর স্ত্রী এলোপাতাড়িভাবে মোকসেদ আলীকে মারপিট করেন। নুরুজ্জামান ভ্যানের হ্যান্ডেল দিয়ে জোরে আঘাত করলে ঘটনাস্থলে মোকসেদ আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে ধামইরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং নুরুজ্জামানের স্ত্রী হাফিজাকে গ্রেপ্তার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মো. ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার তীব্র নিন্দা জানিয়ে যথাযথ প্রক্রিয়ায় খুনিকে আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন