
নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার বলেছেন, বহুকাল আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। সবকিছু আটকে গিয়েছিল দৈনন্দিন কাজের মধ্যে। কিন্তু ’৯৬ এর পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। বিশ্ব এখন বাংলাদেশকে আইডল মনে করে । আজ বুধবার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে ‘৫ম কর্মসোপান পাটাতন প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাছাইকৃত ৩৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী এই কর্মশালা। চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ।
এপিআইটি ফাউন্ডেশনের সঙ্গে দেশের কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কেন্দ্রের মহা-পরিচালক আনোয়ারুল করিম, ‘আমরা কোম্পানিজর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ প্রমুখ । কর্মশালায় প্রশিক্ষণার্থীদের পড়ালেখা শেষ করার পর চাকরির বাজারে নিজেদের সর্বোত্তমভাবে প্রস্তুত করা ছাড়াও কাঙ্খিত প্রতিষ্ঠানে চাকরি লাভ, ক্যারিয়ার প্ল্যানিং এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে সামনে এগোতে হবে সেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় ।
এপিআইটি ফাউন্ডেশনের সদস্য সচিব সাবরিনা ইসলাম বলেন, ‘আমরা সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ এর বেশি শিক্ষার্থীদের মধ্য থেকে ৩৫ জনকে বাছাই করে এই কর্মশালার আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং দক্ষতার সমন্বয় ঘটিয়ে চাকরির বাজারের জন্য তাদেরকে সর্বোত্তম হিসেবে তৈরি করা ।’