News71.com
 Bangladesh
 18 Jan 17, 07:43 PM
 216           
 0
 18 Jan 17, 07:43 PM

ভারতে তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমু ।।

ভারতে তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমু ।।

 

নিউজ ডেস্কঃ ভারতের কলকাতায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ, আবগারী, শিল্প ও বাণিজ্য এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. অমিত মিত্রের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে অংশ নেবেন। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী। ২০ ও ২১শে জানুয়ারি কলকাতার মিলনমেলা হলে ব্যবসায়ীদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে ।

সম্মেলনে শিল্পমন্ত্রী ৩০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সংসদ সদস্য কামরুল আশরাফ খান, বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, সাবেক সংসদ সদস্য ফখরুল ইসলাম মুন্সি, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদসহ এফবিসিসিআই, ডিসিসিআই, বিসিসি আইসহ বিভিন্ন চেম্বার ও ট্রেড বডির সদস্য এবং বিভিন্ন সেক্টরের বরেণ্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা এ প্রতিনিধিদলে রয়েছেন ।

সম্মেলনে ২৭টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। তারা ব্যবসা ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, অংশীদারিত্ব জোরদার এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। এর ফলে বাংলাদেশের সাথে সম্মেলনে যোগদানকারী দেশগুলোর ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। শিল্পমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণেও ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন