
নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের ছয় দিন পর ধারণক্ষমতার অর্ধেক কন্টেইনার নিয়ে ভারতের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে দুই দেশের উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির প্রথম নৌযান ‘এমভি হারবার-১’।
গতকাল বুধবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ জেটি ছেড়ে যায় বলে পোর্ট রেডিও কন্ট্রোল থেকে জানানো হয় ।প্রত্যাশা অনুযায়ী কন্টেইনার না পাওয়ায় নির্ধারিত সময়ের ছয় দিন পর জাহাজটি রওনা হয় বলে পরিচালনাকারী সংস্থা নিপা পরিবহনের প্রধান নির্বাহী সিরাজুর রহমান বলেছেন। তিনি বলেন, “৮০টি খালি কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।”
গতবছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচলে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন নৌমন্ত্রী শাহজাহান খান।
উদ্বোধনের দুইদিন পর ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত পরিমাণ কন্টেইনার না পাওয়ায় জাহাজটি তখন ছাড়া হয়নি বলে নিপা পরিবহন বলেছিল। আগের সূচি অনুযায়ী, জাহাজটি ২২শে মার্চ ভারতের বন্দরে পৌঁছে ২৩ মার্চ আবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ।