
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক উন্নতি হয়েছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে। স্কুল পর্যায়ে ঝরে পড়া অনেক কমেছে এবং জেন্ডার সমতা অর্জিত হয়েছে ।' এজন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্ব প্রদান করে তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল অধিদপ্তর ও সংস্থাকে যথাযথ মনিটরিং ও মূল্যায়ন নির্দেশক নির্ধারণপূর্বক মূল্যায়ন কাজ তরান্বিত করতে হবে ।'
নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে 'পরিবীক্ষণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং এ কর্মশালার আয়োজন করে। এ সময় মন্ত্রী বলেন, 'শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানসমূহের কার্যকর মনিটরিংও মূল্যায়ন খুবই জরুরি। স্কুল মনিটরিংয়ের জন্য পিয়ার ইভালুয়েশন ব্যবস্থা চালু করা হয়েছে ।'
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মহিউদ্দিন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, মাউশির মনিটরিং এন্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামান বক্তৃতা করেন ।