
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নামাজের জানাযা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ১৯শে জানুয়ারি সকাল ১১টায়। তার জানাযার পর থেকে সুপ্রিমকোর্টর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আজকের দিনের সকল বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে ।
গত ১৭ই জানুয়ারি ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ই জুন শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। পরে ২০০৯ সালের ২২শে ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন। এম এম রুহুল আমিনের জন্ম ১৯৪২ সালে ২৩শে মে লক্ষ্মীপুর জেলায়। সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। এরপর ১৯৯৪ সালের ১০ই ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান ।
পরে ২০০৩ সালের ১৩ই জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি। এছাড়াও ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি এম এম রুহুল আমিনের দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী ।