News71.com
 Bangladesh
 19 Jan 17, 03:28 PM
 277           
 0
 19 Jan 17, 03:28 PM

কল্যাণপুরে জঙ্গি আস্তানা : আজও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি

কল্যাণপুরে জঙ্গি আস্তানা : আজও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি

নিউজ ডেস্কঃ রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। আগামী ১ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করেন বিচারক।

এর আগে গত ৮ ডিসেম্বর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সেদিনও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আজ দাখিলের দিন ধার্য করেছিলেন আদালত। তবে আজো প্রতিবেদন দাখিল না করায় নতুন করে আবার দিন ধার্য করতে হলো বিচারককে।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ি’ হিসেবে পরিচিত একটি বাড়িতে রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও রিগ্যান নামের একজন আহত হন।

ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহজালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে রিগ্যান নামের ওই ব্যক্তি কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া এ ঘটনায় জাহাজবাড়ির মালিকসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন