
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি সরকার আমলে ১২৯টি মৌলবাদী জঙ্গি সংগঠনের উত্থান হয়েছ। রাষ্ট্রের পৃষ্টপোষকতায় ওই সব সংগঠনগুলো জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে। তিনি বলেন, জঙ্গীদের পৃষ্ঠপোষকতা করাই তাদের উন্নয়ন, এছাডা কোনো উন্নয়নমূলক কাজ তারা দেশের জন্য করেনি। আর আজ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে তখন তাদের গাত্রদাহ হচ্ছে। এসময় তিনি বিএনপিকে সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান ।
হানিফ বলেন, বিএনপি দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই অন্ধকার থেকে দেশকে আলোর পথে এনেছে। বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করে আজ দেশে বিদ্যুতের উৎপাদন ১৫ হাজার ৬ শত মেগাওয়াটে উন্নীত করেছে। ২০২১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করে দেশের সকল মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে ।
স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করেছে। ফলে বাংলাদেশ স্বাস্থ্য সেবার দিক থেকে ভারতের চেয়েও এগিয়ে আছে। শিক্ষা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়েছে, যেনো দেশের শতভাগ মানুষ শিক্ষিত হতে পারেন। এজন্য বছরের শুরুতেই ৩০ কোটির বেশি নতুন বই বিনামূলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে ।
যে কোনো সরকার আমলের চেয়ে বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রফতানি উন্নয়ন ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে এর পরিমাণ ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, এই ধারা চলতে থাকলে আগামী ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্হিবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ফলে উন্নত দেশগুলো এখন বাংলাদেশকে সমীহ করে চলছে ।
আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হানরুর রশীদ, মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা প্রমুখ ।