
নিউজ ডেস্কঃ কারাগারে প্রত্যেক আসামী বা অপরাধীকে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে নিজস্ব বলয়ের মধ্যে থাকতে হবে। সেখানে একসঙ্গে সবাই বসে মিটিং বা সংগঠিত হওয়ার সুযোগ নেই। বিষয়টি কারা কর্তৃপক্ষ নজরে রেখেছে। শুধু কারাগার নয় প্রিজনভ্যানে আদালতে যাওয়ার সময়ও যাতে তারা কোন প্রকার অবৈধ সুযোগ সুবিধা না পায় সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন দুটি প্রিজনভ্যান কারাগারের নিজস্ব অর্থায়নে চালু করা হলো।
আজ বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন দুটি ওয়েব বেজড্ প্রিজনভ্যান এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার পর আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই। সেই বিষয়টি মাথায় রেখেই আজকে দুটি অত্যাধুনিক প্রিজনভ্যান উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি সম্বলিত এ ধরনের প্রিজনভ্যানের সংখ্যা আরো বাড়ানো হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি রানী ঘরামী, যুগ্ম সচিব সামসুল আলম, উপ সচিব শিরিন রুবী, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইকবাল হাসান, ঢাকা বিভাগীয় ডিআইজি তৌহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রে শিউলি আক্তার তিন্নি,কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদাউস হোসেন প্রমুখ ।