
নিউজ ডেস্কঃ প্রশাসনে আরও নজরদারি বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জনগণকে সেবা দেওয়া সরকারি দফতর, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও উন্নয়নমূলক কাজের প্রতি সাংবাদিকদের কড়া নজরদারি এসব কাজে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নব-নির্বাচিত প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে মন্ত্রী সাংবাদিকদের প্রতি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের যে সব বিভাগ জনগণকে সেবা দিয়ে থাকে সে বিভাগগুলোর উপর আরও নজরদারি বাড়ান ।
এবং যেসব বিভাগ উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেখানে অপচয়, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা এটা আপনারা নজরে রাখবেন। আর যে বিভাগগুলো আইন-শৃঙ্খলায় জড়িত সেখানে যথাযথভাবে আইন-শৃঙ্খলা সুরক্ষার কাজ হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন ।
সার্বিকভাবে সরকার জনগণের সেবা দিচ্ছে কিনা, নিরাপত্তা দিচ্ছে কিনা জনগণের সমস্যা যথাসময়ে শুনতে পাচ্ছে কিনা সে বিষয়ে আপনাদের প্রখর নজরদারি প্রশাসনের স্বচ্ছতাকে আরও নিশ্চিত করবে, সুন্দর করবে। তাতে জবাবদিহিতা বাড়বে, গণতন্ত্র মজবুত হবে ।
তিনি বলেন, সচিবালয়ে সাংবাদিকদের তথ্য প্রাপ্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে।
তথ্য অধিকার আইনটি সাংবাদিকদের পড়ার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহে এ আইনটি কাজে লাগবে। সচিবালয়ে কর্মরত সংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য লিখিতভাবে তথ্যমন্ত্রীর কাছে তুলে দেন বিএসআরএফ নেতৃবৃন্দ।