
নিউজ ডেস্কঃ মোবাইল কোর্টে ঔষধের (ফার্মেসী) দোকানদার এবং ক্লিনিককে আর্থিক জরিমানার ঘটনায় দিনাজপুরের ড্রাগ সুপারকে বদলি, জরিমানার অর্থ ফেরতসহ ৪ দফা দাবিতে দিনাজপুর শহরের সব ঔষধের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে ঔষধ ব্যবসায়ী দোকান মালিকেরা ।
গতকাল বৃহস্পতিবার শহরে ২টি ঔষধের দোকান এবং ২টি ক্লিনিকে অভিযান চালিয়ে মেয়াদ উত্তির্ণ ঔষধ রাখার অপরাধে ৪লাখ টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। জরিমানার প্রতিবাদে দিনাজপুর ড্রাগিস্ট এন্ড কেমিষ্ট এসোসিয়েশনের ডাকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধর্মঘট শুরু করেন দোকান মালিক ঔষধ ব্যবসায়ীরা। আকস্মিক ধর্মঘটে বিপাকে পড়েছেন রোগীসহ স্বজনরা ।
ড্রাগিস্ট এন্ড কেমিষ্ট এসোসিয়েশনের অফিস সম্পাদক বিনোদ সরকার জানান, দিনাজপুরের ড্রাগ সুপারকে বদলি, জরিমানার অর্থ ফেরত, ফার্মেসিতে কি ধরনের ওষুধ থাকবে তার তালিকা প্রণয়ন এবং চিকিৎসকরা যাতে করে তালিকার বাইরে ব্যবস্থাপত্র না দিতে পারে তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। দাবি পুরণ করা না হলে শহরের পাশাপাশি ১৩ উপজেলার সব ঔষধের দোকান ধর্মঘটে যাবার বিষয়ে আজ সিদ্ধান্ত নেবেন তারা ।