
নিউজ ডেস্কঃ রাজধানীর মধ্যবাড্ডায় স্ত্রীর শিলনোড়ার আঘাতে ফজল (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী চন্দ্র বাহার নিজেই পুলিশের কাছে যান। বাড্ডা থানার উপপরিদর্শক আবদুল কাদের চৌধুরী বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে ডিউটি অফিসার ফোন করে দ্রুত আমাকে থানায় আসতে বলে। আমি গিয়ে দেখি এক নারী বসে আছেন। তাঁর নাম চন্দ্র বাহার। তিনি একটি কাটা পুরুষাঙ্গ দেখিয়ে আমাকে বলেন, তিনি তাঁর স্বামীকে খুন করে এসেছেন। আমি যেন তাঁর সঙ্গে তাঁদের বাসায় যাই।’ চন্দ্র বাহারের সঙ্গে বাসায় গেলে তিনি তাঁর স্বামীর লাশের কাছে নিয়ে যান। ফজলের লাশটি কাঁথা দিয়ে মোড়ানো ছিল। তাঁর মাথা থেঁতলানো ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দ্র বাহার পুলিশকে বলেছেন, স্বামী তাঁকে অনেক জ্বালিয়েছেন। তিনি সহ্য করতে না পেরে শিলনোড়ার আঘাতে হত্যা করেছেন। বেশ কয়েক বছর আগে অনুমতি না নিয়ে ফজল দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই তাঁদের বিরোধের শুরু। চন্দ্র বাহার ও ফজলের চার সন্তান রয়েছে। অপর পক্ষে ফজলের আরও তিনটি সন্তান রয়েছে।তবে চন্দ্র বাহার থানায় এসে স্বামীকে হত্যার কথা বললেন। তাঁর বা ফজলের কোনো আত্মীয়স্বজন থানায় আসেননি। কেউ মামলাও করেনি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে ফজলের লাশের সঙ্গেও পুলিশ ছাড়া কেউ আসেনি। গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত কেউ সেখানে যায়নি। পুলিশ জানিয়েছে, তারা আত্মীয়স্বজনকে খোঁজাখুঁজি করছে।