
নিউজ ডেস্ক : রাজনীতিতে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । তিনি বলেছেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিলে দেশ এগিয়ে যাবে। নীতি ও আদর্শ থেকে রাজনীতিতে যদি অর্থ-সম্পদ এবং পদবি বেশি গুরুত্ব পায়, তাহলে রাজনীতি কলুষিত হয়ে পড়ে। জাতীয় নেতা এম মনসুর আলীর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতিতে উত্থান-পতন আছে এবং রাজনীতিবিদদের এটি মেনে নিয়েই তাঁদের লক্ষ্যে পৌঁছতে হবে।
এম মনসুর আলীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আবদুল হামিদ বলেন, ক্ষমতার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও তিনি সৎ ও লোভমুক্ত মানুষ ছিলেন। ইচ্ছা করলে তিনি বিলাসবহুল জীবন যাপন করতে এবং বিপুল সম্পদের অধিকারী হতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বার্থই প্রথম—মনসুর আলী রাজনীতির এই মৌলিক নীতিতে বিশ্বাসী ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর তিনি জীবন দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু ও বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদের সভাপতি নুরুল ইসলাম এবং এম মনসুর আলীর নাতি তানভির শাকিল বক্তৃতা করেন।