
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোসহ আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ ‘গেইম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হচ্ছে। আজ শুক্রবার ভারতের কলকাতার মিলন হলে দু’দিনব্যাপী তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দানকালে এ কথা বলেন ।
আমু বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের ফলে বাংলাদেশ থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক যাত্রী এবং পণ্য পরিবহনের চমৎকার সুযোগ তৈরি হয়েছে। শিল্পখাতে যৌথ বিনিয়োগ বাড়িয়ে এ সুযোগ কাজে লাগানোর জন্য তিনি ভারতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী, ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ ও কর্পোরেট বিষয় সম্পর্কিত মন্ত্রী অরুন জেটলি বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশসহ ২৭টি দেশের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ সব সময় ভারতকে কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে অগ্রাধিকার দিয়ে থাকে। শিল্প ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দু’দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে ।