News71.com
 Bangladesh
 20 Jan 17, 07:58 PM
 267           
 0
 20 Jan 17, 07:58 PM

বাংলাদেশের মানুষ বর্তমানে অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর শিকলে বন্দি ।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

বাংলাদেশের মানুষ বর্তমানে অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর শিকলে বন্দি ।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ দেশের মানুষ বর্তমানে অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর শিকলে বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহীদ আসাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত বাণীতে তিনি এ মন্তব্য করেন। খালেদা বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন শহীদ আসাদুজ্জামান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা যদি এদেশের মানুষের মৌলিক ও মানবিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তার প্রতি দেখানো হবে যথাযথ সম্মান ।

এমতাবস্থায় আজকের এই দিনে আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি। আর এর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানি রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ।

বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছে। আজও এদেশে একদলীয় একচেটিয়াত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে গায়ের জোরে, তাতে গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সামজিক, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে। আইন, বিচার, প্রশাসন, পুলিশ সবকিছু আইন অনুযায়ী নয় বরং ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছানুযায়ী নিয়ন্ত্রিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন