
নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ি পূণর্দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪জন নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ সদরের আদর্শপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ফরাজীর বাড়িতেও হামলা করে প্রতিপক্ষের লোকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ রয়েছে ।
এ ঘটনায় আহত রহিমা বেগম(৬৫), জেসমিন বেগম(৩২), রুমা আক্তার এ্যানি(৩৫), সুমন হাওলাদার(১৮), আরাফাত শেখ(২০), বেল্লাল(২০)কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত সুমন শেখ(২৫), মীম আক্তার(১৬), মানিক ফরাজী(৩২), মিরাজ ফকির(২৬) কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, ২০০৫ সালে মহসিন হাওলাদারের সাথে বিয়ে হয় রুমা আক্তার এ্যানির ।
এক সময় এ্যানি ও তার স্বামীর সাথে সম্পর্কের অবনতি হলে এ্যানির দখলে থাকা অবস্থায় বসত বাড়িটি স্থানীয় মোশারেফ হোসেন ও সেনাবাহিনীর কর্পেরাল আব্দুল রহিমের নিকট বিক্রি করে দেয় মহসিন। কিন্তু দখল বুঝিয়ে দেয়নি। গত ১৯শে ডিসেম্বর কর্পোরাল রহিমের লোকজন এ্যানির দখলে থাকা বাড়িটি ক্রয়সূত্রে দখল করে নেয়। পরে তারা এ বিষয়ে আদালতের দারস্থ হলে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার মামলা নং-১৫৩/১৬। আজ দুপুরে ওই বাড়িটি পুনরায় দখলের চেষ্টা করেন এ্যানি। এ সময় এ্যানির লোকজন ওই বাড়ির ক্রেতা রহিমের ভাই ছাত্রলীগ নেতা ইব্রাহীম ফরাজীর বসতবাড়িতেও হামলা করে ।
থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, "বাড়ি দখল নিয়ে দুই পক্ষে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পৌরসভার কাউন্সিলর শ্রমিকলীগ নেতা মো. নান্না শেখকে প্রধান আসামি করে ৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন আ. হালিম ফরাজী । "