
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে খুঁজছে পুলিশ। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমনের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর চাচা বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি হত্যা মামলা করেছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। কিন্তু হত্যাকাণ্ডের পাঁচদিনেও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির বলেন, ‘নিহত ইমনের সঙ্গে সুলতানপুর ঝিলপাড়ার বিপ্লব ও শিমুলের ভালো সম্পর্ক ছিল। বিপ্লবের মোটরসাইকেলে ইমন প্রায়ই উঠতেন।’ওসি আরো বলেন, ‘বিপ্লব ও শিমুল যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। তাঁদের সঙ্গে রয়েছেন ভারতের আরো এক যুবক। আমরা ওই তিন যুবককে খুঁজছি। তাঁদের সঙ্গে ইমন হত্যার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
গত ১৬ জানুয়ারি রাতে ইমনকে শহরের সুলতানপুরের বাড়ি থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। পরে সদর উপজেলার ধুলিহর গ্রামের একটি মাছের ঘেরে তাঁর লাশ পাওয়া যায়।