
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজার-ল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে আজ শনিবার সকালে দেশে ফিরছেন । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটটি গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দপ্তরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান ।
জানা গেছে, পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। আজ ভোর ৪টায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের আরেক ফ্লাইটে (ইকে-৫৮২) দেশের উদ্দেশে রওনা হবেন। সকাল সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা ।
সুইজারল্যান্ডে ৫ দিনের সফরে গত ১৬ই জানুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আবুধাবি হয়ে ওই দিন রাতেই জুরিখে পৌঁছান প্রধানমন্ত্রী। ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লস সোয়াবের আমন্ত্রণে সংস্থাটির বার্ষিক সভায় যোগ দেন তিনি। বাংলাদেশের প্রথম কোনো নির্বাচিত সরকার প্রধান হিসেবে এ সভায় অংশ নিলেন শেখ হাসিনা ।