
নিউজ ডেস্কঃগতকাল শুক্রবার চলচ্চিত্রে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়ে শেষ হলো রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় নাট্যশালায় দর্শক দেখল দেশ নাটকের নতুন নাটক সুরগাঁও। পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে ছিল বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসবের নানান আয়োজন। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ছিল বংশীবাদন। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উৎসবে সেরা শিশুতোষ চলচ্চিত্র হিসেবে ‘বাদল রহমান পুরস্কার’ পেয়েছে ফিলিপাইনের মারসেইল সি কারিগার পিটং কাবাং পালাই।দর্শকদের বিচারে সেরা চলচ্চিত্র ভারতের ববি সারমা বারুহের সোনার বরণ পাখি, সেরা ফিচার চলচ্চিত্র আজারবাইজানের মিরবালা সালিমলির কিরমিজি বাগ, সেরা ফিচার চলচ্চিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের নাদের চৌধুরীর লালচর, সেরা প্রামাণ্যচিত্র নেদারল্যান্ডসের অ্যানি ক্রিস্টেন তিরারডটের আইসল্যান্ডস অব দ্য মনকস, প্রামাণ্যচিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে ইতালির মার্কো জুইনের লা সেদিয়া ডি কার্টুনে, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইরানের আলি মারদোমির দ্য সেমেন্টারি ম্যান। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হয় তৌকীর আহমেদের অজ্ঞাতনামা চলচ্চিত্রকে। নারী চলচ্চিত্রকার বিভাগসহ মোট ৭টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হয়। গত ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের উৎসবে বাংলাদেশসহ মোট ৬৭টি দেশের ১৭৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। জাতীয়নাট্যশালায়সুরগাঁও
নাট্যকার মাসুম রেজা আবারও নাটক নির্দেশনায় ফিরলেন। দীর্ঘ ১৭ বছর পর গতকাল তাঁর নির্দেশনায় সুরগাঁও নাটকটি মঞ্চস্থ হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে দেশ নাটক মঞ্চায়ন করে নাটকটি। কোনো এক অচেনা গ্রামের গল্প নিয়ে আবর্তিত সুরগাঁও। এ গ্রামে আনাল ফকির, আসমান, সুহি, হাক্কা ব্যাপারী, বাঁশি বুড়ি, ওষ্ঠকালা, নিহাররঞ্জন, কুসি, মুজাহেব ও কাবিলরা বাস করে। এদের আদিকাল, বর্তমান ও ভবিষ্যতের নানান দিক উঠে এসেছে নাটকে। এটি দেশ নাটকের ২২তম প্রযোজনা।