
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের মহাসড়কে। আর দেশে শান্তিময় পরিবেশ বজায় থাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার মনে বড়ই অশান্তি। আজ শনিবার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ৩৩ নম্বর ওয়ার্ডবাসী কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, জঙ্গিবাদ হলো বিশ্বমানবতা, ধর্ম, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার শত্রু। জঙ্গি ও সন্ত্রাসবাদ বাংলাদেশসহ বিশ্বব্যাপী গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদেরকে সমূলে নির্মূল করার দৃঢ় শপথ নিতে হবে ।
জাহাঙ্গীর কবির নানক বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন। বিএনপি-জামায়াত তা না মেনে আন্দোলনের মাধ্যমে তাদের পুরানো হিংস্র চেহারায় ফিরে গেলে তাদেরকে দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। বিগত ৮ বছরে মোহাম্মদপুর ও আদাবর এলাকা শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের রোল মডেল। এটা ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি এক্ষেত্রে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।
ডিএনসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আলম হোসেন প্রমুখ ।