
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকাকে আইকন সিটি হিসেবে গড়ে তুলতে হাতিরঝিলের নানা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ সকালে হাতিরঝিল ও গুলশান লেক এলাকা পরিদর্শন করেন তারা। এলাকার পূর্বপার্শ্বে নির্মাণাধীন বিনোদন কেন্দ্র অ্যাম্ফিথিয়েটার পরিদর্শন ও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তারা। এসময়, থিয়েটারের নকশা ও নির্মাণশৈলী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মন্ত্রীগণ ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, সিডনি'র বিশ্বখ্যাত অপেরা হাউসের আদলে হাতিরঝিলেও গড়ে তোলা হবে অপেরা হাউস।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিনোদন কেন্দ্রের পাশাপাশি এখানে দেশের বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোও আয়োজন করা হবে। পরিকল্পনা, আন্তর্জাতিক দরপত্র ও নকশা প্রণয়ন করেই আন্তর্জাতিক মানের অপেরা হাউস তৈরি হবে ।