
নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে ২ ছাত্রকে আটক করেছে র্যাবের এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ। গতকাল রোববার (২২শে জানুযারি) দিনগত রাতে বসুরহাট এলাকা থেকে তাদের আটক করা হয় । আটক ছাত্ররা হলেন-উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে আমজাদুল ইসলাম রাসেল (২৩) ও উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া গ্রামের সারোয়ার হোসেন লিটনের ছেলে আবু আবদুল্লা ইসতিয়াক (১৭) ।
আমজাদুল ইসলাম রাসেল ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিস্টারের ছাত্র ও আবু আবদুল্লা ইসতিয়াক চলতি বছরে বসুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী । কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান গতকাল রোববার রাতে বসুরহাট এলাকা থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদুল ও আবু আব্দুল্লাকে আটক করেছে এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ। রাতেই তাদের ঢাকা নিয়ে যায় টেররিজম ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা মো শওকত আলী ।