
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ওঠানোর সময় টিলা ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শাহ আরেফিন টিলা নামে এলাকায় ওই দুজন মারা যান। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন জানান, টিলায় গর্ত খুঁড়ে পাথর তোলার সময় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। এ ছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, শাহ আরেফিন টিলা কোম্পানীগঞ্জের দুর্গম এলাকায় অবস্থিত। তাই ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ওসি আরো জানান, কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ওই টিলাটিতে পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবু নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী এ টিলা থেকে পাথর উত্তোলন চলছে বহুদিন ধরেই। এ ছাড়া অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনেরও অভিযোগ রয়েছে।