
নিউজ ডেস্কঃ খুলনার দাকোপ উপজেলায় ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৯ রাউন্ড গুলিসহ জলদস্যু শামসু বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার পানখালি ফেরিঘাটের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও ৫-৬ জন জলদস্যু পালিয়ে যায় । আজ সোমবার দুপুরে নগরীর লবণচরায় র্যাব খুলনার সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোতাহার হোসেন (৩৫), রাইফুল ইসলাম রাজু (২৪), এনায়েত হোসেন (২৬), মিজানুর রহমান মিজান (৩৭) ও আনোয়ার শেখ (৬০)। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি পাইপগান ও একটি গাদা বন্দুক এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।
র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার লে. এএমএম জাহিদুল কবির বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা হবে ।’