
নিউজ ডেস্কঃ স্পিকার চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রহীনতার মতো বৈশ্বিক সমস্যা আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে সমাধান করতে হবে।’ রাষ্ট্রহীনতা কোনো একক রাষ্ট্রীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা বলে তিনি উল্লেখ করেন । আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (বিআইসিসি) এ আইপিইউ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) যৌথ উদ্যোগে জাতীয়তা এবং রাষ্ট্রহীনতা- সংসদ সদস্যদের জন্য হ্যান্ডবুকের বাংলা সংস্করণ প্রকাশের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, রাষ্ট্রহীনতা একটি মানবিক সমস্যা। সমস্যাটি ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, রাষ্ট্রহীনতা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে ।